অধ্যাপক ইউনুস হত্যা: পুনর্বিচারে সাজা কমল ২ জঙ্গির

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ইউনুস হত্যা মামলার পুনর্বিচারের রায়ে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড রহিত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক।
 
একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বুধবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শীর্ষ জঙ্গি সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের বড় ভাই রফিকুল ইসলামের জামাতা শহিদুল্লাহ মাহাবুব। তার বাড়ি নওগাঁ জেলার সদর থানার সারকডাঙ্গা গ্রামে। অপরজন হলেন শফিউল্লাহ ওরফে তারেক ওরফে আবুল কালাম। তার বাড়ি সাতক্ষীরা জেলার সদর থানার ইটাগাছা গ্রামে। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
 
রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি  কৌশলী এনতাজুল হক বলেন, ২০১০ সালে ২৮ জানুয়ারি এই মামলার রায় ঘোষণার সময় রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই দুই আসামিকে মৃত্যুদণ্ড  দেয়া হয়েছিল। ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক  মো. মঞ্জুরুল বাছেদ এ রায় ঘোষণা করেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ছয় আসামিকে তখন খালাস দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে দুই আসামি হাইকোর্টে আপিল করলে মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে পুনর্বিচারের আদেশ  দেয়া হয়। পুনর্বিচারে আগের ত্রুটি বিচ্যুতিগুলো বাছাই করে দুই আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
২০০৪ সালের ২৪ ডিসেম্বর  ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন বিনোদপুর এলাকায় প্রাতর্ভ্রমণের সময় কুপিয়ে হত্যা করা হয় অধ্যাপক ইউনুসকে। এ ঘটনায় অধ্যাপক ইউনুসের ভাই আবদুল হালিম বাদী হয়ে পরদিন ২৫ ডিসেম্বর নগরের মতিহার থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০০৫ সালের ৬  ফেব্রুয়ারি মামলার বাদী মারা যান। এ ঘটনায় ২০০৭ সালের ১০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মোহাম্মদ  হেলাল উদ্দিন এই হত্যা মামলার নিষিদ্ধঘোষিত সংগঠন  জেএমবির আট সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। নিম্ন আদালত ২০১০ সালের ২৮ জানুয়ারি মো. শহিদুল্লাহ ওরফে মাহবুব ও সাতক্ষীরার  মো. শফিউল্লাহ ওরফে তারেক নামের জেএমবির দুই নেতাকে মৃত্যুদণ্ড  দেন। অন্য ছয় আসামিকে খালাস দেন আদালত। এরপর আজ রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক  গোলাম আহমেদ খলিলুর রহমান পুনর্বিচারের রায়ে  জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড রহিত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।