চলতি বছরের প্রথম দুই মাসেই ১ লাখেরও বেশি শরণার্থী এবং অভিবাসী ইউরোপে প্রবেশ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। নতুন এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, এ সংখ্যা আগের বছরের প্রথম ছয় মাসে ইউরোপে প্রবেশকারীদের চেয়ে তিন গুণ বেশি।
বছরের প্রথম ৬ সপ্তাহে সাগরপথে ইউরোপে পাড়ি দেওয়ার সময় অন্তত ৪১১ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আইওএম।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, গত দুই মাসে অন্তত ১ লাখ ২ হাজার ৫শ অভিবাসী ও শরণার্থী গ্রীক দ্বীপ সামোস, কস এবং লেসবসে প্রবেশ করেছে। আর একইসময়ে ইতালিতে প্রবেশ করেছে ৭,৫০০ জন। অথচ গত বছরের প্রথম ছয় মাসেও এতো বেশি সংখ্যক অভিবাসী ইউরোপে প্রবেশ করতে পারেনি। বসন্ত চলে আসায় এবং আবহাওয়া পরিস্থিতি ভালো হয়ে ওঠার কারণে এ বছর ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের ঢল আরও বেড়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আইওএম।
ইউরোপে আগতদের প্রায় ৫০ শতাংশই সিরীয় আর ২০ শতাংশ আফগান নাগরিক বলে জানায় আইওএম।
