ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৪
কুমিল্লা নগরীর জাঙ্গালিয়াস্থ ৫২.২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন বৃহস্পতিবার।
 
এদিন সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কেন্দ্রের উদ্বোধন করবেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৬ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রম, গাজীপুরের কড্ডা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড (এসটি ইউনিট) চট্টগ্রামের পটিয়া ১০৮ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন।
 
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলামের বরাত দিয়ে কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল জানান, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ সব প্রকল্পের ভিডিও ক্লিপ প্রদর্শন করা হবে এবং এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।