গাজীপুরে এসিড মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২২:০৬
গাজীপুরে একটি এসিড মামলায় আবুল হোসেন (৪৫) নামে  একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
বুধবার বিকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় প্রদান করেন। একই সঙ্গে  আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভিকটিমের উত্তরাধিকারকে প্রদানের নির্দেশ দেয়া হয়।আবুল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের বাগলবাড়ি এলাকার আব্দুস সামাদের ছেলে।
 
গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, ২০০৭ সালের ১৩ নভেম্বর সিটি করপোরেশনের বাগলবাড়ি এলাকায় আব্দুল জলিলের মেয়ের শিউলী আক্তারের (২৮) উপর এসিড নিক্ষেপ করে। এ ঘটনায় ৯ ডিসেম্বর শিউলীর মা মনোয়ারা বেগম  আবুল হোসেন ও আবুল কাশেমসহ অজ্ঞাত ৩- ৪জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। এদিকে ১২ ডিসেম্বর শিউলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজা আলী ২০০৮ সালের ২৪ জানুয়ারি ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। শুনানি শেষে আদালত বুধবার বিকালে আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবুল কাশেমকে বেকসুর খালাস প্রদান করা হয়।