'জঙ্গিবাদ, সন্ত্রাসের মদদদাতা কেউ আর ক্ষমতায় আসতে পারবে না'

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪৪
সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, এদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসের মদদদাতা কেউ আর ক্ষমতায় আসতে পারবে না। 
 
তিনি বলেন, ২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াতের নেতৃত্বে যেভাবে মানুষকে পুড়িয়ে মেরেছে দেশের মানুষ আর তাদের ভোট দেবে না। এদের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ ২৩তম দিনে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সরকারি দলের অধ্যাপক মো. আলী আশরাফ, মাহবুব-উল-আলম হানিফ, হাছান মাহমুদ, আবদুল মান্নান, মনিরুল ইসলাম, জাতীয় পার্টির ফখরুল ইমাম ও সৈয়দ আবু হোসেন আলোচনায় অংশ নেন।
 
আলোচনায় অংশ নিয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ২০১৫ সালে বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘বিজয়ীর বেশে ঘরে ফিরে যাবেন। কিন্তু তিনি ঘরে ফিরে গেছেন পরাজিত সৈনিকের মতো।’ তিনি ২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াতের নৃশংসতায় যারা নিহত হয়েছেন তাদের ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান। 
 
মন্ত্রী আরও বলেন, ’৭১ এর মহান মুক্তিযুদ্ধে যারা প্রিয়জন হারিয়েছেন, তারা কখনো খুনিদের ক্ষমা করতে পারবে না। তাই প্রধানমন্ত্রী তাদের হৃদয়ের আকুতি বুঝতে পেরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার করছেন। কাদের মোল্লা, কামারুজ্জামান, সালাউদ্দিন কাদের চৌধুরী, মুজাহিদসহ অনেকের রায় ইতোমধ্যে কার্যকর হয়েছে। পাকিস্তান এই বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে।