নেপালে বিধ্বস্ত বিমান: পুনরায় শুরু হবে উদ্ধার কাজ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৯
নেপালের পর্যটন শহর পোখারা থেকে জমসম যাওয়ার পথে দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত উড়োজাহাজের  আরোহীদের দেহাবশেষ উদ্ধারের অভিযান পুনরায় শুরু হবে। স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি এই খবর জানিয়েছে।
 
বিরূপ আবহাওয়ার কারণে এই উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছিল। বুধবার সকাল ৭টা ৪৭ মিনিটে পোখরা থেকে রওনা হওয়ার দশ মিনিটের মাথায় তারা এয়ারের ভাইকিং নাইন-এন এএইচএইচ টুইন অটার উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  বিমানটি তিনজন ক্রু ও ২০ জন যাত্রীসহ মোট ২৩ জন আরোহী নিয়ে জমসম যাচ্ছিল। আরোহী সবার মৃত্যু হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। মৃত্যুবরণকারীদের অধিকাংশই নেপালের নাগরিক। তবে যাত্রীদের মধ্যে চীন ও কুয়েতের দুই নাগরিক এবং দুই শিশুও ছিল বলে স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
 
নেপালের বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা রেকর্ড খুবই নাজুক। এখনো পর্যন্ত বুধবারের বিমান বিধ্বস্তের কারণ জানা সম্ভব হয়নি। এমন কী আরোহীদের পরিচয়ও এখনো প্রকাশ করা হয়নি। নেপালে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যোগাযোগের জন্য সড়ক ব্যবস্থা খুবই সীমিত। অনেক এলাকাতেই হেঁটে কিংবা আকাশপথে যেতে হয়।
 
১৯৪৯ সালে দেশটিতে যখন প্রথম উড়োজাহাজ আসে তারপর থেকে ৭০টিরও বেশি বিমান ও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭০০’র বেশি মানুষ। বিরূপ আবহাওয়া, অনভিজ্ঞ পাইলট ও দুর্বল রক্ষণাবেক্ষণের কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে। বিবিসি।