অস্ট্রেলিয়া সতর্ক করে বলেছে, ইন্দোনেশিয়ায় হামলার জন্যে সন্ত্রাসীরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে তারা ধারণা করছে। এজন্যে দেশটি ভ্রমণকারীদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
প্রতিবেশী দেশ মালয়েশিয়ার ব্যাপারেও একই ধরনের সতর্কতা জারির মাত্র কয়েকদিন পর এটা করা হলো। পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) সর্বশেষ ভ্রমণ পরামর্শ বার্তায় বৃহস্পতিবার বলা হয়, সাম্প্রতিক বিভিন্ন আভাস থেকে জানা যায়, ইন্দোনেশিয়ায় হামলা চালানোর প্রস্তুতির ক্ষেত্রে সন্ত্রাসীরা চূড়ান্ত অবস্থায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বার্তায় আরো বলা হয়, সন্ত্রাসী হামলার সর্বোচ্চ হুমকি থাকার কারণে আমরা জাকার্তা, বালি ও লম্বকসহ ইন্দোনেশিয়া সফরের ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছি। এদিকে ইন্দোনেশীয় সরকার সম্প্রতি দেশব্যাপী তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সন্ত্রাসী হামলার কথা বিবেচনা করেই এ পদক্ষেপ নেয়া হয়। এএফপি।
