বাংলাদেশের অনলাইনে কেনাকাটা নিরাপদ বলে উল্লেখ করেছেন বেসিস সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান। বৃহস্পতিবার ইভেন্ট প্রমোশন ও টিকেটিং প্লাটফর্ম হ্যালোইভেন্টজ ডটকম ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জুম মাল্টিমিডিয়া আয়োজিত ‘ডট কম ফেস্ট’ শীর্ষক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
শামীম আহসান বলেন, বাংলাদেশের ভালো ই-কমার্স সাইট থেকে অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কেনাকাটা করা হলে সকল ট্রানজেকশন ব্যাংকের গেটওয়ের মাধ্যমে পরিচালিত হয়। এক্ষেত্রে ঐ ই-কমার্স সাইটের কাছে কার্ডের কোনো তথ্য সংরক্ষিত থাকে না। এছাড়া টু-ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম রয়েছে। তাই বেসিস সদস্যভুক্ত দেশের ভালোমানের ই-কমার্স সাইট থেকে কেনাকাটা খুবই নিরাপদ।
তিনি জানান, বেসিস সরকারের সঙ্গে যৌথভাবে দেশের সম্ভাবনাময় ই-কমার্স খাতকে এগিয়ে নিতে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু, টু-ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধা চালু, ভ্যাট প্রত্যাহার, কর্পোরেট ট্যাক্স মওকুফসহ বিভিন্ন ধরণের পলিসি তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে হ্যালোইভেন্টজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা আশিকুর রহমান বলেন, হ্যালো ইভেন্টজ সবসময় নতুন কিছু নিয়ে ভাবে এবং তরুণদের নিয়ে কাজ করতে পছন্দ করে। যেকোন ইতিবাচক পরিবর্তন ও উদ্যোগের সাথে আমরা আছি ও ভবিষ্যতেও থাকব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসিসের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল ও অন্তর শোবিজের পরিচালক তানভিন রাফিক।
তিনদিনব্যাপী এই মেলা আগামী ২৭ ফেব্রুয়ারি শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এতে প্রদর্শনীর পাশাপাশি ই-কমার্স খাতের সচেতনতা, প্রচারণা, বিজনেস মডেল ও লজিস্টিকসহ বিভিন্ন বিষয়ে তিনটি আলাদা সেমিনার অনুষ্ঠিত হবে।-প্রেসবিজ্ঞপ্তি।
