স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আর কোন দিন যাতে কেউ দেশে ১/১১ মত ঘটনা না ঘটাতে পারে সেজন্যই তদন্ত্র কমিশন গঠন করে ঘটনার সাথে জড়িতদের বিচার করতে হবে।
তিনি বলেন, রক্তদিয়ে মায়ের ভাষা অর্জিত হয়েছে। রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। তাই তদন্ত্র কমিশন গঠন করে ১/১১ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দেয়া উচিত।
বৃহষ্পতিবার রাজধানীর এক হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। রাজধানীর উত্তরায় ৬০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের লক্ষ্যে জাপানের শিপ হেলথকেয়ার হেল্ডিংসের সঙ্গে বাংলাদেশ আইচি মেডিকেল গ্রুপের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাপানের শিপ হেলথকেয়ার হেল্ডিংসের পক্ষে চেয়ারম্যান হিরোতাকা ওগাওয়া ও বাংলাদেশ আইচি মেডিকেল গ্রুপের পক্ষে চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেন এই চুক্তি স্বাক্ষর করেন।
এর আগে আলোচনা সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, জাপান দূতাবাসের প্রথম সচিব তাকেসি মাতসুনাগে, জেটারোর বাংলাদেশ প্রতিনিধি কেই কায়ানো, শিপ-আইচি মেডিকেল সার্ভিসের নির্বাহী পরিচালক হিরোইউকি কোবায়েসি প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, গণতন্ত্রের ধারা যদি অব্যহত না থাকে তাহলে দেশ এগিয়ে যায় না। দেশের কোন উন্নয়ন হয় না। রাজনীতিবিদরাই দেশ দিয়েছে, গণতন্ত্র ফিরিয়ে এনেছে। রাজনীতিবিদরা ছাড়া দেশের উন্নয়ন হয়না। এদেশে যে কয়েক বার সামরিক শাষন জারি হয়েছে, সে সময়ে দেশ অনেক পিছিয়ে গেছে।
তিনি বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে এটা গণতন্ত্রের নিয়ম। সরকারের পরিবর্তন হবে ভোটের মাধ্যমে। সেমিনার-সিম্পোজিয়ামে করে আর লিখে সরকারের পরিবর্তন করার চেষ্টা যেন কেউ না করে। দেশের গণতন্ত্রের ধারাকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে কোন অশুভশক্তির উপদেশ শুনতে চাইনা। বাসস।
