ষড়যন্ত্রকারীরা সফল হবেনা: খালিদ মাহমুদ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৪

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ১/১১ সময়ে ষড়যন্ত্রকারীরা যেমন সফল হয়নি, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রেও তারা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কখনোই তাদের ষড়যন্ত্র সফল হবেনা। জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, মাহফুজ আনাম বলেছেন- তিনি ১/১১-এ তার ভূমিকা স্বীকার করে- ভুল করেছেন। এ কথা বলে তিনি আবারো ভুল করেছেন। তার মানে তিনি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। তা গোপন করতে চেয়েছিলেন। মানুষ অন্যায়-অপরাধ-ষড়যন্ত্র সব সময় গোপন রাখতে চায়।

ষড়যন্ত্রকারী ও মৌলবাদীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, যারা ইসলামের নামে গাড়িতে আগুন দিয়ে জীবন্ত মানুষ পোড়ায়, রাষ্ট্রীয় সম্পত্তির বিনাশ সাধন করে তারা ইসলামের সঙ্গেও প্রতারণা করছে। ইসলাম শান্তির ধর্ম, এখানে কোন সন্ত্রাস-জঙ্গীবাদের স্থান নেই। কিন্তু তারা ইসলামের নামে দেশের মানুষকে ব্ল্যাকমেইল করতে চায়। দেশের উন্নয়নের ধারাকে আরো বেগবান করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান খালিদ মাহমুদ চৌধুরী।

পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন সরকার। বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, ইউনুছ আলী সরকার এমপি, উম্মে কুলসুম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক মাহমুদ হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামস-উল-আলম হিরু, আবু বকর সিদ্দিক।