খুলনায় জেপিতে যোগ দিলেন জাপার শতাধিক নেতাকর্মী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৫
খুলনা মহানগর জাতীয় পার্টির (এ) সিনিয়র সহ-সভাপতি মো. হায়দার আলী হাওলাদারের নেতৃত্বে জাপার শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে (জেপি) যোগ দিয়েছেন।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর মানিক মিয়া শপিং কমপ্লেক্স চত্তরে জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দনের হাতে ফুলের তোড়া জাপা নেতাকর্মীরা যোগদান করেন। এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জেপির সদস্য সচিব চৌধুরী হাবিবুর রহমান।
 
এতে প্রধান অতিথির বক্তৃতায় জেপির ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন  দলে যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, আপনাদের যোগদান জেপিকে আরো শক্তিশালী ও গতিময় করবে। দেশ থেকে জঙ্গিবাদ ও মৌলবাদ উচ্ছেদে আমাদের সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
 
জাপা থেকে যোগদানকারী নেতা হায়দার আলী হাওলাদার বলেন,  ‘আমরা জেপি চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেনের নেতৃত্বে সার্বক্ষণিকভাবে দলের জন্য কাজ করে যাব। আমাদের এই যোগদান সুযোগ্য নেতা আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে আরো শক্তিশালী করবে।
 
এ সময় যোগদানকারীদের মধ্যে বক্তৃতা করেন মো. মনির, মো. হালিম. রুস্তম পালোয়ান, সলেমান সরদার, দেলোয়ার হোসেন, মো. সোহেল এবং জেপি নেতা অধ্যাপক মোশারেফ হোসেন, সাদিয়া আক্তার রুবি, মো. আব্দুল হাকিম, শিরীন আক্তার, রূপা খানম প্রমুখ।