মিশরের প্রেসিডেন্টের দাম এক লাখ ডলার!

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২৮
মিশরের অর্থনৈতিক দুরবস্থায় নিয়ে হতাশা ব্যক্ত করে নিজেকে বিক্রি করার কথা বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গে তাকে নিলামে তুলে দেয় মিশরের কিছু লোকজন।  খোলা হয় ফেসবুক পেজও। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সিসির দাম ওঠেছিল ১ লাখ ডলার। পরে অবশ্য পেজটি ফেসবুক থেকে সরিয়ে নেয়া হয়।
 
স্রেফ মজা করার জন্যই পেজটি খোলা হলেও এ ঘটনায় সাবেক ওই সামরিক কর্মকর্তার প্রতি মিশরবাসী যে কতটা ক্ষুব্ধ, সেটাই যেন প্রকাশ পেল।
 
সম্প্রতি ২০৩০ সাল মেয়াদি একটি দীর্ঘ অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেন প্রেসিডেন্ট সিসি। এ সময় দেশের ভঙ্গুর অর্থনীতি সবল করতে জনগণকে করদানে আরো সচেতন হওয়ার আহ্বান জানান। এমনকি দেশের অর্থনীতি চাঙ্গা করতে তিনি মোবাইল ব্যবহারকারীদের প্রতি ১০ পাউণ্ড করে কর দেয়ারও ঘোষণা দেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলে বসেন,‘আমার যদি নিজেকে বিকিয়ে দেয়া সম্ভব হত, তাহলে দেশের প্রয়োজনে আমি তাই করতাম।’
 
তার ওই বক্তব্যের পরপরই ফেসবুক ও টুইটার ভরে যায় নানা ধরনের কটূক্তি আর রসালো মন্তব্যে। স্বয়ং দেশের প্রেসিডেন্টকে বিক্রির জন্য ফেসবুকে তো আস্ত একখানা পেজ-ই খুলে বসেন মিশরের কৌতুকপ্রিয় তারা। পণ্য সামগ্রি কেনাবেচার সাইট ‘ই-বে’তে সিসির ছবিসহ পেজটি বেশ কিছুক্ষণ স্থায়ী হয়। সেখানে লেখা ছিল ‘একজন বহুল ব্যবহৃত ফিল্ড মার্শালকে (a used field marshal) বিক্রির জন্য’।