পূর্ব ঘোষণা অনুযায়ী এবার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে হিউলেট প্যাকার্ড (এইচপি)। মার্কিন এ প্রতিষ্ঠান ২০১৬ অর্থবছরের শেষ নাগাদ ১ হাজার ২০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র- টেকআই।
সম্প্রতি এইচপি দুই ভাগে বিভক্ত হয়। এখন প্রতিষ্ঠানটির পুনর্গঠন ও ব্যবসা সম্প্রসারণের কাজ চলছে। এদিকে পরিচালন ব্যয় কমাতে চাইছে কর্তৃপক্ষ। আর এরই অংশ হিসেবে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০১৫ সালের সেপ্টেম্বরে তিন বছরে ৩৩ হাজার ৩০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানায় এইচপি। কিন্তু পুনর্গঠন প্রক্রিয়া ত্বরান্বিত করতে চলতি অর্থবছর শেষেই ১ হাজার ২০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
মোবাইলনির্ভর সেবায় মনোযোগ বাড়িয়ে প্রযুক্তিখাতের আধিপত্য দখল করেছে অ্যাপল ও গুগল। এতে এক পর্যায়ে প্রতিযোগিতামূলক প্রযুক্তি বাজারে খুঁড়িয়ে খুঁড়িয়ে পথচলা শুরু হয় এইচপির। সেজন্য প্রতিষ্ঠানটি আলাদা দুটি ভাগে কাজ শুরু করে।
