সীতাকুণ্ডে আওয়ামী লীগ ইউনিয়ন কাউন্সিলরদের ভোটে মনোনীত প্রার্থীরা তারুণ্যের জোয়ারে মহাখুশী। অপরদিকে প্রার্থী নির্ধারণে সিদ্ধান্তহীনতায় ভুগছে বিএনপি। তাই তৃণমূল নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে।
বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন কাউন্সিলরদের ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী নির্ধারণে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একে অপরের বিরুদ্ধে আলোচনা সমালোচনা, এমনকি ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি পর্যন্ত হয়েছে। এরপরও ইউনিয়ন কমিটিতে তরুণদের কাউন্সিলর ভোটার বেশী থাকায় এলাকার জলাবদ্ধতা দূর করা, জণগনকে সঠিক সেবা প্রদান, মেধাবী শিক্ষিতসহ অন্যান্য বেকার যুবকদের জন্যে কর্মসংস্থান সৃষ্টি, দলীয় নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন যারা করতে পারেনি তাদের বাদ দিয়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় এমন তরুণদের দলীয় প্রার্থী মনোনীত করে। আবার কোন কোন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানদেরকেও দলীয় প্রার্থী মনোনীত করে। যারা দলীয় প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন তারা শিক্ষিত মেধাবী ও দলমত নির্বিশেষে সকলের সাথে সম্পর্ক আছে বলে তরুণরা মনে করছেন।
দলীয় প্রার্থী যারা মনোনীত হয়েছেন তারা হলেন- ১নং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এইছ এম তাজুল ইসলাম নিজামী (এমএ বিএড), ২নং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহান (বিএ), ৪নং ইউনিয়নের তরুণ সেক্রেটারী মো. জাহেদ হোসেন বাবু (বিএসএস), ৫নং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাদাকাত উল্ল্যা মিয়াজী (এইচএসসি), ৬নং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর (এইচএসসি),৭নং ইউনিয়নে তরুণ সেক্রেটারি আলহাজ্ব মো. মোরশেদ হোসেন চৌধুরী (বিএ), ৮নং ইউনিয়নের তরুণ সেক্রেটারি মনির আহম্মদ, ৯নং ইউনিয়নের সভাপতি মো. নাজিম উদ্দিন (এইচএসসি), ১০নং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো. সালাউদ্দিন আজিজ (এইচএসসি)।
অপরদিকে উপজেলা বিএনপি প্রত্যেক ইউনিয়নে প্রার্থী নির্ধারণে সিদ্ধান্তহীনতায় ভুগছে বিধায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে হতাশা নেমে আসে। স্থানীয় নেতারা মনে করেন নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ চিন্তায় কেউ স্ব-ইচ্ছাই দলীয় প্রার্থী হওয়ার জন্যে এগিয়ে আসছেন না এবং কোন নির্দেশনা নেই দলীয় প্রার্থী দিবে কিনা। এছাড়া ৩টি ইউনিয়নে বিএনপির সমর্থিত বর্তমান চেয়ারম্যান থাকলেও ৭নং ও ৯নং ইউনিয়নের চেয়ারম্যান জসিম চৌধুরী এবং আলহাজ্ব নুরুল আনোয়ার নির্বাচনে প্রার্থী হবে কিনা এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে ৮নং ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুদ্দীন মো. জাহাঙ্গীর নির্বাচনে প্রার্থী হবে বলে জানা যায়।
এ ব্যাপারে উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর জানান, দলীয় না ২০ দলীয় প্রার্থী দেয়া হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি এবং সিদ্ধান্ত হলে তা অবশ্যই জানানো হবে।
