জাকারবার্গ-ডরসিকে হত্যার হুমকি আইএসআইএসের

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩৯
ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ এবং টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসিকে হত্যার হুমকি দিয়েছে ভয়ঙ্কর ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএসআইএস বা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া। ২৫ মিনিটের একটি ভিডিও বার্তায় এই হুমকি দেয়া হয়েছে।
 
ফেসবুক ও টুইটার থেকে আইএসদের অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হলে ফেসবুক ও টুইটারের সিইওকে মেরে ফেলা হবে বলে ওই ভিডিওতে হুমকি দেয়া হয়েছে।
 
ভিডিওতে জাকারবার্গ ও ডরসির ছবি এডিট করে বুলেটের ক্ষত তৈরি করা হয়েছে। আইএস দাবি করছে, তারা যোগাযোগ সামাজিক মাধ্যম জায়ান্টদের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করেছে।
 
শুধু তাই নয়, ভিডিওতে আরও বলা হয়েছে, আইএসের হ্যাকিং গ্রুপের সদস্যরা ফেসবুক ও টুইটারের ১০টি করে অ্যাকাউন্ট হ্যাক করবে। এভাবে ধীরে ধীরে ফেসবুক ও টুইটারের ওয়েবসাইট পুরোটাই ‘ডিলিট’ করে দেওয়া হবে বলেও হুমকি দেয়া হয়েছে।