শেষ বিতর্কে রিপাবলিকান দলে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকে অনেকটা তুলোধুনো করলেন তার অপর দুই প্রধান প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ও মার্কো রুবিও।
দলের প্রাথমিক পর্যায়ে যে ভোটাভুটি হচ্ছে তাতে এখন পর্যন্ত ট্রাম্পের অবস্থান অন্যদের থেকে ভাল। তিনি চারটি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে তিনটিতেই জয়লাভ করেছেন। কিন্তু শেষ বিতর্ক অনুষ্ঠানে অংশ নিতে এসে তিনি প্রতিপক্ষ সিনেটরদের কাছে নাস্তানাবুদ হয়েছেন।
বিতর্কে অন্যান্য বিষয়ের পাশাপাশি মূল আলোচ্য বিষয় ছিল অভিবাসী, স্বাস্থ্যসেবা এবং ল্যাটিন ভোটারদের কাছে পৌঁছানো ইত্যাদি। কিন্তু দীর্ঘ সময় ধরে বিতণ্ডা এবং ব্যক্তিগত আক্রমণের পর আগের বিতর্কগুলোর মত এটিও ভেঙ্গে যায়। তবে প্রার্থীতার দৌড়ে দ্বিতীয় অবস্থানে থাকা রুবিও ট্রাম্পকে একের পর এক আক্রমণ করতে থাকেন। যদি ট্রাম্পের উত্তরাধিকার সূত্রে ২০ কোটি ডলার না থাকতো, তবে তিনি কোথায় থাকতেন? ম্যানহাটনে ঘড়ি বিক্রি করতেন। উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে রুবিও একথা বলেন।
এসময় ক্রুজ এবং রুবিও দুজনই তার ব্যবসার নথি, পূর্বেকার প্রতারণামূলক বিষয়, রক্ষণশীল বিশ্বাস এবং নীতি সংক্রান্ত বিষয়ের বিস্তারিত তুলে না ধরা নিয়ে ট্রাম্পকে প্রশ্নবাণে জর্জড়িত করেন। কিন্তু ট্রাম্প এগুলোকে হাস্যরস করে উড়িয়ে দেন। তাদের দুজনের এমন আক্রমণ সত্ত্বেও মাথা নোয়ননি ট্রাম্প।
তিনি দর্শকদের উদ্দেশে বলেন, “আমরা এখানে অনেক মজা করেছি, কী করিনি?” এদিকে তার অনলাইন শিক্ষা উদ্যোগ ট্রাম্প বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যর্থতার সমালোচনা করেন রুবিও। তাছাড়া তার নির্মাণ প্রকল্পে আমেরিকানদের চেয়ে বেশি বিদেশি কর্মীদের নিয়ে আসা নিয়েও ট্রাম্পকে আক্রমণ করেন তিনি। তার জবাবে টাম্প বলেন, “আমিতো লাখ লাখ মানুষকে ভাড়া করে আনতে পেরেছি, আপনিতো একজনকেও আনতে পারেননি।”
চারটি প্রাথমিক এবং ককাসে নির্বাচনের পর ট্রাম্প রিপাবলিকান দলের ৮২ জন প্রতিনিধির সমর্থন পেয়েছেন, অন্যদিকে ক্রুজ এবং রুবিও সমর্থন পেয়েছেন যথাক্রমে ১৭ ও ১৬ জনের। দল থেকে মনোনয়ন পেতে হলে একজন প্রার্থীর দেশের মোট প্রতিনিধির মধ্যে ১ হাজার ২৩৭ জনের সমর্থন প্রয়োজন। আগামী মঙ্গলবার ১১ টি অঙ্গরাজ্যে ভোট গ্রহণের কথা রয়েছে। বিবিসি
