বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ডের ভিসা জটিলতা নিরসনের চেষ্টা চলছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য বৃহস্পতিবার থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা ও কনস্যুলার বিষয়ক ভারপ্রাপ্ত উপ-স্থায়ী সচিব সুভত চিরাপান্তের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠককালে বাংলাদেশিদের ঝুলে থাকা থাই ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহবান জানিয়েছেন তিনি। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতি বছর হাজার হাজার বাংলাদেশিকে ভিসা দেয়ার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত থাই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি আবেদনকারীদের ভিসা প্রক্রিয়ায় দীর্ঘ কালক্ষেপণে তিনি উদ্বেগ প্রকাশ করেন। চিকিত্সার জন্য যারা ভিসার আবেদন করছেন তাদের বিষয়টি থাই সরকারকে বিশেষভাবে বিবেচনা করার আহবান জানান তিনি। এ সময় থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সুভত চিরাপান্ত ঝুলে থাকা ভিসার আবেদনগুলো দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন। একইসঙ্গে ভিসা প্রক্রিয়া আরো সহজ করার আশ্বাস দেন।
প্রসঙ্গত, থাইল্যান্ডের ভিসার আবেদন করে পাসপোর্টই ফেরত পাচ্ছেন না অনেক আবেদনকারী। গত দুই মাস ধরে ঢাকার থাই দূতাবাসে প্রায় ২০ হাজার আবেদনকারীর পাসপোর্ট আটকে আছে।
