বাংলাদেশে চলমান এশিয়া কাপ বাছাই পর্ব খেলা ওমান এই বছর ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন আইসিসি টি-২০ বিশ্ব কাপের বাছাই পর্বও খেলবে। কিন্তু ওমান দলের বেশ কয়েকজন ক্রিকেটার ভারতীয় ভিসা পেতে জটিলতায় পড়েছেন।
হিন্দুস্তান টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে জন্মগ্রহণকারী ওমান দলের নয় সদস্য ভারতের ভিসা জটিলতায় পড়েছেন। দেশটির অভিবাসন কর্মকর্তারা তাদের ভিসা দিতে জটিলতা সৃষ্টি করছেন। ফলে চণ্ডিগড়ে দলের সব সদস্য এক সঙ্গে থাকতে পারছেন না।
বাংলাদেশে চলমান এশিয়া কাপ থেকে ছিটকে পড়ে নির্ধারিত সময়ের আগেই ভারত পৌঁছেছে ওমান দল। এখানেই বিপত্তি।
চণ্ডিগড়ের একটি হোটেলে উঠেছিল ওমান দল। কিন্তু তাদের ভিসা ছিলো মোহালির জন্য। চন্ডিগড় কেন্দ্রীয় সরকারের অধীনে আর মোহালি পাঞ্জাবের এক্সক্লুসিভ অঞ্চল। তাই পাকিস্তানে জন্মগ্রহণকারী সদস্যদের ফেডারেল এলাকায় থাকতে দেয়া হয়নি।
