দুর্নীতির অভিযোগে মোরালেসের সাবেক প্রেমিকা গ্রেফতার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২০
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের সাবেক প্রেমিকাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
 
গাব্রিয়েলা যাপাতা নামের ওই নারী চীনের একটি নির্মাণ প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত। সম্প্রতি ওই প্রতিষ্ঠানটি বলিভিয়ায় মোটা অংকের সরকারি কাজ পায়। তবে যাপাতার বিরুদ্ধে আনা সম্ভাব্য অভিযোগ সম্পর্কে বিস্তারিত কোনোকিছু এখনো জানা সম্ভব হয়নি।
 
মোরালেসের বিরোধী গণমাধ্যম অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট হিসেবে প্রভাব খাটিয়ে তিনি সাবেক বান্ধবীর প্রতিষ্ঠানকে কয়েক মিলিয়ন ডলারের কাজ পাইয়ে দিয়েছেন। অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মোরালেস।
 
দেশটিতে মোরালেসকে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ দিতে সংবিধান সংশোধনের জন্য একটি প্রস্তাব গণভোটে হেরে যাওয়ার কয়েকদিনের মধ্যেই এই ঘটনা ঘটলো। গণভোটে হেরে যাওয়ার পেছনে এই সাবেক বান্ধবীর প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার অভিযোগ ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকরা মনে করেন।
 
তবে মোরলেস বলছেন, এর মধ্যদিয়ে তার বিরুদ্ধে এক নোংরা যুদ্ধ শুরু হয়েছে।
 
বর্তমান প্রেসিডেন্ট হিসেবে ২০২০ সাল পর্যন্ত তার মেয়াদ রয়েছে। সংবিধান সংশোধনে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন পেলে তিনি ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে নির্বাচন করতে পারতেন। তবে খুব অল্প ভোটের ব্যবধানে সংবিধান সংশোধনের বিপক্ষে রায় দিয়েছে জনগণ।
 
মোরালেসের নেতৃত্বে বলিভিয়া দুই দশকে অর্থনৈতিকভাবে একটি স্থিতিশীল অবস্থানে পৌঁছেছে। তার নেতৃত্বে ক্ষমতাসীন সরকারের সমাজতান্ত্রিক নীতি দেশটির দারিদ্র্য সফলতার সঙ্গে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। সূত্র: বিবিসি