আবারও বেফাঁস মন্তব্য করে শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর এবারের মন্তব্য প্রিন্সেস ডায়নাকে নিয়ে। ট্রাম্পের মতে ডায়না ছিলেন পাগল। এবং তার সঙ্গে বিছানায় যেতেও ট্রাম্পের আপত্তি ছিল না বলে জানান ট্রাম্প।
তবে তার এই মন্তব্য বেশ কিছুদিন আগের। ১৯৯৭ সালে দুর্ঘটনায় ডায়না মারা যাওয়ার কিছুদিন পর এক রেডিও সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। ৯০ এর দশকে বিখ্যাত মার্কিন রেডিও ও টেলিভিশন তারকা হাওয়ার্ড স্টার্নের রেডিও অনুষ্ঠানের নিয়মিত অতিথি ছিলেন তিনি।
তার সবগুলো মন্তব্য এক করে একটি অডিও তৈরি করেছে বাজফিড। সেখানে তিনি বলেন, ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়না তার শয্যাসঙ্গিনী হতে পারতেন। ডায়নার মধ্যে কিছুটা পাগলামি থাকলেও তিনি অসম্ভব রূপসী ছিলেন।
১৯৯৭ সালের সেপ্টেম্বরে প্যারিস টানেলে গাড়ি দুর্ঘটনায় প্রিন্সেস ডায়না ও তার প্রেমিক দোদি ফায়েদ নিহত হওয়ার কয়েক সপ্তাহ পরে এই সাক্ষাৎকারটি নেয়া হয়।২০০০ সালে আবারো একই ব্যক্তির নিকট দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প তার কথার পুনরাবৃত্তি করেন এবং ডায়নার প্রতি তার মুগ্ধতার কথা প্রকাশ করেন। অনুষ্ঠানে তিনি বরাবরই নারীদের সৌন্দর্য নিয়ে মন্তব্য করতেন।
স্টার্ন ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি তার শয্যাসঙ্গী হতে ইচ্ছুক ছিলেন?’ ট্রাম্পের তড়িৎ জবাব, ‘ অবশ্যই এবং বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই’।
তিনি বলেন, ‘ তিনি সত্যিই অনেক সুন্দরী ছিলেন এবং মানুষ কখনোই বুঝতে পারবে না তিনি কতটা সুন্দরী ছিলেন। তিনি ছিলেন সুপার-মডেল রূপসী, তার উচ্চতা ছিল, সৌন্দর্য্য ছিল, মসৃণ ত্বক ছিল। আসলে তার সবই ছিল’।
প্রথম সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, প্রিন্সেস ডায়নার একটি উপকার করায় তাকে ধন্যবাদ জানিয়ে ব্রিটিশ রাজবধূ ও কোটি পুরুষের স্বপ্নের নারী ডায়না একটি ‘সুন্দর’ চিঠি লিখেছিলেন। তবে কি উপকার করেছিলেন তা বলতে চাননি ট্রাম্প। ঐ অনুষ্ঠানে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়েও মন্তব্য করেন তিনি।
