'বিএনপি নির্বাচনী পদ্ধতিকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়'

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৬
'বিএনপি নির্বাচনী পদ্ধতিকে ব্যবহার করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় । সেই সুযোগে চক্রান্তের মধ্যদিয়ে ক্ষমতা দখল করার পায়তারা করছে' তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু শনিবার ভেড়ামারা ডিগ্রী কলেজে নবীন বরন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন।
 
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 
'তৃণমূল পর্যায়ের নির্বাচন সুষ্ঠ হবে কিনা'  বিএনপি নেতা রিজভী আহমেদ খান এর এমন বক্তব্যের জবাবে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনা-সমালোচনা করে থাকলেও নির্বাচনের পরে ত্রটি-বিচ্যুতি মেনে সবাই ফলাফল মেনে নিয়েছে।
 
তিনি আরও বলেন, 'বিএনপির নেতৃবৃন্দ আগে মন ঠিক করুক তারা কার উপর বিশ্বাস রাখবে। যখন তাদের নেত্রী পরাজিত হয়েছিল তখন তারা সেই নির্বাচনের ফলাফল মেনে নেয়নি।
বিএনপি ৯০ সালের পর থেকে যতবার নির্বাচনে পরাজিত হয়েছে ততবার তারা সশস্ত্রবাহিনীসহ সকল বাহিনীর উপর অনাস্থা এনেছিল বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী ।