'বিএনপি জগা-খিচুড়ির দল' এমন মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, 'সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৯ সালে।' দিনাজপুর শহরে অরবিন্দ শিশু হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'নির্ধারিত সময়ের এক দিন আগেও জাতীয় নির্বাচন হবে না। বিএনপি জগা-খিচুড়ির দল। নিজেদের ভুল বুঝতে পেরে এখন নির্বাচন দাবি করছে। কিন্তু এই অবৈধ ও অনৈতিক দাবি জাতি প্রত্যাখ্যান করেছে।'
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ২ মেয়াদের সরকার স্বাস্থ্য খাতে যে সাফল্য অর্জন করেছে, তা গোটা বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। মাতৃ ও শিশু মৃত্যুর হার বহুলাংশে কমিয়ে আনার জন্য জাতিসংঘ বাংলাদেশকে সম্মানিত করেছে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় যে অবদান রেখে আসছে, তা সারা বিশ্বে অনুকরণীয়। বিশ্বের কোথাও এধরনের চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার নজির নেই।
৫ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট অরবিন্দ শিশু হাসপাতালের ১শ’ শয্যার নতুন ভবনের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি ক্রয়ে ২ কোটি টাকা দেয়ার আশ্বাস দেন।
হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিএমএ'র সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, বিএমএ'র মহাসচিব অধ্যাপক এম. ইকবাল আর্সলান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এমএ আজিজ এবং স্বাগত বক্তৃতা দেন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল হক ছুটু।
সন্ধ্যার পর স্বাস্থ্য মন্ত্রী দিনাজপুর মেডিকেল কলেজের ২৫ বছর পূর্তি রজতজয়ন্তীতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। বাসস।
