শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশকে উন্নত করতে হলে বিদ্যুৎ উৎপাদনের স্বয়ংসম্পুর্ণতা অর্জন করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিশ্বমানের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিগত শিক্ষা দিতে হবে। তাদের অর্জিত জ্ঞান রাষ্ট্রের কল্যাণে কাজে লাগাতে হবে।
শনিবার দুপুরে জামালপুরের নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের (সাবেক নান্দিনা মহাবিদ্যালয়) সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, গতানুগতিক শিক্ষা দিয়ে শুধু সার্টিফিকেট প্রদান করে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের বিজ্ঞান সম্মত, তথ্য প্রযুক্তি শিক্ষা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলেই দেশ উন্নত জাতি হিসাবে বিশ্বে দরবারে পরিচিতি লাভ করা সম্ভব।
তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহার সুনিশ্চিত করে মান সম্মপন্ন শিক্ষার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এখন তলা বিহীন ঝুড়ি নয়। নিন্ম মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অচিরেই মধ্যম আয়ের দেশ হিসাবে পরিচিতি লাভ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম বলেন, বর্তমান সরকারের আমলে দেশে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তিতে ব্যাপক সাফল্যে অর্জন করেছে। আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সাবেক ছিটমহল স্থল সীমানা চুক্তি, সমুদ্র বিজয়ের মধ্যে দিয়ে দেশ আরো একধাপ এগিয়ে দেশ এখন দ্বিগুণ ভূখণ্ড লাভ করেছে। প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করে দেশের অর্থনীতির অগ্রগতিসহ বিশ্বের দরবারে বাংলাদেশ এখন নিন্ম মধ্যম আয়ের দেশ হিসাবে রূপান্তরিত হয়েছে।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহব্বায়ক ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি সংসদ সদস্য আলহাজ রেজাউল করিম হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য শেখ আনোয়ার হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকি বিল্ল্যাহ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি মারুফা আক্তার পপি, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, পরিচালনা কমিটির সদস্য শহিদুল্ল্যাহ, আব্দুল জলিল প্রমুখ।
