মামলার দীর্ঘসূত্রিতা থেকে রেহাই পেতে এবং আদালত কক্ষের বাইরে ফয়সালা করার লক্ষ্যে আইন বিশেষজ্ঞরা 'বিকল্প বিরোধ নিষ্পত্তি' (এডিআর) এর ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত এক সেমিনারে বক্তারা এইসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক বলেন, 'ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অনিষ্পন্ন বিরোধ ও মামলা ধীরে ধীরে বাড়ছে। অনানুষ্ঠানিক হলেও বৈশ্বিকভাবে স্বীকৃত আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি একটি যুগান্তকারী ঘটনা এবং দেওয়ানি, ফৌজদারি ও বাণিজ্য সংক্রান্ত মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বের বহুদেশে এর সাফল্য প্রমাণিত।'
বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং সার্ক আরবিট্রেশন কাউন্সিল (এসএআরসিও) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
ডিসিসিআই সভাপতি হোসেন খালেদের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন, এসএআরসিও’র মহাপরিচালক থুসানথা ওয়াইজেমানা, বিআইএসি চেয়ারম্যান মাহবুবুবর রহমান প্রমুখ। সেমিনার শেষে বিআইএসি এবং এসএআরসিও-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
