প্রয়োজনের বেশি ওষুধের দোকানের লাইসেন্স দেবে না সরকার :স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০১:১২
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মুড়ি মুড়কির মতো সব জায়গায় ওষুধের দোকান হয়েছে। এখন থেকে প্রয়োজনের অতিরিক্ত ওষুধের দোকানের লাইসেন্স দেবে না সরকার। নির্দিষ্ট এলাকার জনসংখ্যা বিবেচনা করে ওষুধের দোকানের সংখ্যা নির্ধারণ করা হবে।
 
গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনের সেমিনার কক্ষে ‘টেকসই উন্নয়নে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ এবং বাংলাদেশের সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা’ বিষয়ক নীতি সংলাপে প্রধান   অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্যের সঙ্গে আমার কোনো রাজনীতি নেই। স্বাস্থ্যের মতো বিষয় নিয়ে কোনো রাজনীতি করা হবে না। স্বাস্থ্য খাতে যোগ্য লোককে যোগ্য জায়গায় নিয়োগ দেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১৭ মার্চ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে স্বাস্থ্যসেবা সপ্তাহ পালন করার উদ্যোগ নিয়েছে তার মন্ত্রণালয়। পরপর সাত দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যসচেতন করাই এর উদ্দেশ্য। পিপিআরসি আয়োজিত এ নীতি সংলাপে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, নীতি নির্ধারক, গবেষকরা অংশ নেন।