কোন স্বৈরাচার এখন দেশ চালায় :এরশাদ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০২:০৩
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমাকে স্বৈরাচার বলা হয়। এখন কোন স্বৈরাচার দেশ পরিচালনা করছে। কিভাবে দেশ পরিচালনা করছে সবাই জানেন। আমি কোনো মানুষের ক্ষতি করিনি, হত্যা করিনি, আমার সময় কোনো মানুষ গুম হয়নি, সংবাদপত্র আমার বিরুদ্ধে মুক্তভাবে লিখেছে। কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেইনি। এখন কেউ কিছু লিখতে পারে না, বলতে পারে না। সব কিছু এখন    বন্ধ। আমরা বন্ধ  কারাগারে বাস করছি। তিনি গতকাল শনিবার বিকালে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর মহানগরের আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জয়নাল আবেদীনের পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।