নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:২৬
নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদী দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ চলছে। ফলে নদী ছোট হয়ে আসছে এবং বন্যার সময় সহজে পানি নিষ্কাশন না হয়ে জলমগ্ন হয়ে পড়বে পুরো এলাকা। এর ফলে আবাদি জমি ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে আশংকা প্রকাশ করেছেন এলাকাবাসী।
 

শহরের পশ্চিমে সোনাপুকুর এলাকা দিয়ে বয়ে যাওয়া খড়খড়িয়া নদীর বিরাট এলাকা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন বাবলু ও তার সঙ্গী-সাথীরা। তারা নদীর পাড়ে বাঁশের খুঁটি পুঁতে দোকানঘর নির্মাণের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে স্থানীয় লোকজন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকা ইফ্ফাতের কাছে অভিযোগ করলে তিনি সরেজমিনে পরিদর্শনে এসে কাজ বন্ধ করে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেন। কিন্তু অবৈধ দখলকারীরা এই নির্দেশ অমান্য করে অবৈধভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়। এককালের খরস্রোতা খড়খড়িয়া নদী পলি পড়ে ও অব্যাহত দখলের কারণে ছোট হয়ে পড়েছে। ফলে সামান্য বন্যায় দু’কূল ছাপিয়ে পানি লোকালয়ে ঢুকে পড়বে বলে আশংকা করছেন এলাকাবাসী।