শীর্ষস্থান সংহত করলো লেস্টার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৩৬
সাউথ্যাম্পটনের মাঠে পিছিয়ে পড়েও জিতেছে চেলসি। একই রাতে নিজেদের মাঠে পাওয়া কষ্টের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরও শক্ত করেছে লেস্টার সিটি। 
 
নিজেদের মাঠে ৪২তম মিনিটে শেন লংয়ের গোলে এগিয়ে যায় সাউথ্যাম্পটন। অবশ্য লংয়ের গোলে চেলসির বাবা রহমানের অবদানই বেশি। হেড দিয়ে বল বিপদমুক্ত করার বদলে তা লংকেই দেন রহমান; সুযোগটা কাজে লাগাতে ভুল হয়নি আয়ারল্যান্ডের এই ফরোয়ার্ডের। ৭৫তম মিনিটে সেস্ক ফ্যাব্রিগাসের গোলে সমতা ফেরায় চেলসি। দিয়েগো কস্তার বলে ফাব্রেগাস ঠিক শট নয়, ক্রসের মতো দিয়েছিলেন; তা আটকাতে দোটানায় থাকা সাউথ্যাম্পটনের গোলরক্ষককে বোকা বানিয়ে ঠিকানা খুঁজে নেন ফ্যাব্রিগাস।
 
ম্যাচের শেষ দিকে ৮৯তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচ। এই ডিফেন্ডারের গোলেই চলতি লিগে নবম জয় নিয়ে মাঠ ছাড়ে হিডিংকের দল। দিনের অপর ম্যাচে নিজেদের মাঠে শেষ মুহূর্তের গোলে জিতেছে লেস্টার। নরউইচ সিটিকে ১-০ গোলে হারানো ম্যাচে লেস্টারের গোলদাতা আর্জেন্টিনার ফুটবলার লিওনান্দো উলোয়া। নরউইচ সিটিকে ১-০ গোলে হারিয়েছে শীর্ষে থাকা লেস্টার, ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। সাউথ্যাম্পটনের মাঠে চেলসির জয় ২-১ ব্যবধানে; এই জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে উঠে এসেছে হিডিংকের দল। গোল.কম।