সাউথ ক্যারোলিনায় হিলারির বিশাল জয়

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে বিপুল ভোটে জয়ী হয়েছেন। শনিবার অনুষ্ঠিত এ প্রাইমারিতে সিনেটর বার্নি স্যান্ডার্সকে হারিয়ে জয় পান তিনি।
 
হিলারির এ জয় আগে থেকেই ধারণা করা হয়েছিল। তবে ১মার্চ অনুষ্ঠেয় ‘সুপার টুইসডে’র আগে এ জয় হিলারিকে আরো চাঙ্গা করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওইদিন একইসঙ্গে ১১টি রাজ্যে প্রাইমারি অনুষ্ঠিত হবে।
 
উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে হিলারি বলেন, কাল থেকে প্রচারণা জাতীয়ভাবে শুরু হবে। স্যান্ডার্স হিলারিকে অভিনন্দন জানিয়েছেন। তবে তিনি জানিয়েছেন তার প্রচারণা কেবল শুরু হয়েছে।
 
এক্সিট পোল থেকে জানা গেছে প্রতি ১০ জনে ৮জন কৃষ্ণাঙ্গ ভোটার হিলারিকে সমর্থন দিচ্ছে।
 
এ পর্যন্ত ডেমোক্রেটিক দলে ৪টি প্রাইমারি অনুষ্ঠিত হয়েছে। এর ৩টিতেই হিলারি বিজয়ী হয়েছেন। নিউ হ্যাম্পশায়ারে পরাজিত হলেও আইওয়া ও নেভাডাতে হিলারি জয় পান। এদিকে অপর দল রিপাবলিকানের মনোয়ন দৌড়ে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। বুধবার নেভাডায় দলীয় ককেসাসে ব্যাপক ব্যবধানে ট্রাম্প জয়ী হন।