আর্থ-সামাজিক উন্নয়নে রাশিয়ার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস

স্পিকারের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৮
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের বিদায়ী রাষ্ট্রদূত আলেক্সজান্ডার এ. নিকোলাভ রবিবার স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার বাসভবনে সাক্ষাৎ করে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে রাশিয়ার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
 
এ সময় রাশিয়ান ফেডারেশনের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, বর্তমানে বাংলাদেশ সরকার ও রাশিয়ান সরকারের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে। তিনি দু’দেশের মধ্যে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য আরো বৃদ্ধি করার জন্য দুই দেশের সংসদ সদস্যদের কমিটি গঠন করে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিতকরণের ওপর গুরুত্বারোপ করেন।
 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বিদায়ী রাষ্ট্রদূতের ভূমিকা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশে প্রতিটি মন্ত্রণালয় ভিত্তিক সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে। এ সকল কমিটি সংশ্লিষ্ট বিষয়ে সংসদীয় প্রতিনিধি বিনিময় ও দ্বি-পাক্ষিক বৈঠকের মাধ্যমে পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নির্ধারণে ভূমিকা রাখতে পারে।
 
রাশিয়ান রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।