মুন্সীগঞ্জে অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৭
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবাউশিয়ায় ‘আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চল’ এর উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটির উদ্বোধন করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে আরো ৯টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন একযোগে।
 
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে আয়োজনটিতে অংশ নেন জেলা পরিষদের প্রসাশক ও জেলা আওযামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোহাম্মদ মহিউদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি, উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, এডিসি হারুণ অর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, গজারিয়া উপজেলা চেয়ারম্যান মো. রেফায়েতউল্লাহ খান তোতা, নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস, রাজনীতিক আমিরুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও দৈনিক মুন্সীগঞ্জ কাগজের সম্পাদক মোহাম্মদ আরফিন প্রমুখ।
 
মুন্সীগঞ্জের গজারিয়ায় আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চলটি ২১৬ একর জমির ওপর নির্মিত হচ্ছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ভিত্তিফলন উন্মোচনের পরে প্রধানমন্ত্রীর পক্ষে অনুষ্ঠানস্থল আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চলটি এ ফলক উন্মোচন করেন উপস্থিত অতিথিরা।
 
এছাড়া  নরসিংদীর পলাশে ২০০ একর জমির ওপর এ কে খান অর্থনৈতিক অঞ্চল, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বদ্দার বাজার এলাকায় ১৫০ একর জমির ওপর আমান অর্থনৈতিক অঞ্চল, গাজীপুর সদর উপজেলার কোনাবাড়িতে ৪০ একর জমিতে বে অর্থনৈতিক অঞ্চল, নারায়ণগঞ্জের সোনারগাঁও এর মেঘনাঘাট এ ২৪৫ একর জমিতে মেঘনা অর্থনৈতিক অঞ্চল, একই উপজেলার ছোট শিলমান্ডিতে ৮০ একর জমিতে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চল, চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ১৫ হাজার একর জমিতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, বাগেরহাটের মংলায় ২০৫ একর জমিতে মংলা অর্থনৈতিক অঞ্চল (এটি ডেভেলপ ও অপারেট করার দায়িত্ব দেয়া হয়েছে পাওয়ারপ্যাক অর্থনৈতিক অঞ্চল প্রাইভেট লিমিটেডকে), কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৮৮২.২৬ একর জমিতে সাবরাং টুরিজম পার্ক এবং মৌলভীবাজার জেলার সদর উপজেলায় ৩৫২ একর জমিতে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল।