'রাজধানীতে ৬ হাজার ৪০৬টি পরিত্যক্ত বাড়ি রয়েছে'

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২২
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, 'রাজধানীতে ৬ হাজার ৪০৬টি পরিত্যক্ত বাড়ি রয়েছে।' তিনি রবিবার সংসদে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, 'এসব পরিত্যক্ত বাড়ি শুধুমাত্র শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দ দেয়া হয়ে থাকে। অন্য কাউকে বরাদ্দ দেয়ার বিধান নেই।'
 
মন্ত্রী বলেন, 'রাজধানীতে রাজউকের আওতাধীন এলাকার কম-বেশি ১৫১টি পরিত্যক্ত বাড়ি ও প্লট রয়েছে। প্রথমবার নির্বাচিত সব সংসদ সদস্যদের মধ্যে যাদের ঢাকা শহরে কোন জমি বা বাড়ি নেই তাদের অনুকূলে প্লট বা বাড়ি বরাদ্দ দেয়ার আপাতত কোন পরিকল্পনা নেই। তবে রাজউক সম্প্রতি দুইটি নতুন আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে। প্রকল্প দুইটি অনুমোদিত হলে প্রথমবার নির্বাচিত সব সংসদ সদস্য প্লট বরাদ্দ চেয়ে আবেদন করলে তা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।'
 
সরকারি দলের সদস্য আনোয়ারুল আবেদীন খানের অপর এক প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর বা সংস্থার মোট ৫০৩ দশমিক ২৯ একর জমি বেদখল রয়েছে।
 
অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন আদালতে মামলা চলমান থাকায় এবং স্থিতাবস্থা থাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে অবৈধ দখলদার উচ্ছেদে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে মন্ত্রী জানান।