আখাউড়া-লাকসাম ডবল লাইনের চুক্তি স্বাক্ষর

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০০
ঢাকা-চট্টগ্রাম রেলপথে আখাউড়া-লাকসাম ডাবল লাইন  প্রকল্পের নির্মাণ কাজ তদারকি পরামর্শ সার্ভিসের জন্য  বাংলাদেশ রেলওয়ে এবং কোরিয়ার দোহা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড জেভির সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
 
রবিবার রাজধানীর রেল ভবনে এই চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ রেলওয়ে আখাউড়া-লাকসাম ডাবল লাইন প্রকল্পের জেনারেল ম্যানেজার ও প্রকল্প পরিচালক সাগর কৃষ্ণ চক্রবর্তী এবং কোরিয়ার দোহা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড জেভির ভাইস প্রেসিডেন্ট সন হি জং।
 
এ পরামর্শ সার্ভিসে ব্যয় হবে প্রায় ২৩১ কোটি টাকা। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এ প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এডিবির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
 
প্রকল্প পরিচালক সাগর কৃষ্ণ চক্রবর্তী  জানান, আখাউড়া-লাকসাম ডাবল লাইন রেলপথ নির্মাণের মূল কাজের চুক্তি আগামী মে মাসে করা হবে।
 
রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম সেকশন খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার জন্য বর্তমান সরকার প্রকল্প গ্রহণ করেছে। ডাবল লাইন রেলপথ নির্মাণের কাজ শেষ হলে যাত্রী চলাচলের পাশাপাশি পণ্যবাহী ট্রেন চলাচলের গতি বৃদ্ধি পাবে এবং অধিক সংখ্যক ট্রেন পরিচালনা করা সম্ভব হবে।
 
তিনি বলেন, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডাবল লাইন নির্মাণের কাজ শেষ হলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো রেলপথ ডাবল লাইনে উন্নীত হবে। ফলে আমদানি-রফতানি এবং বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি যাত্রী চলাচলও বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।