সিরিয়ায় দ্বিতীয় দিনের মত অস্ত্রবিরতি চলছে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৩
সিরিয়ায় সাময়িক অস্ত্রবিরতি আজ রোববার দ্বিতীয় দিনে পৌঁছেছে। সামান্য কিছু ক্ষেত্রে লংঘনের ঘটনা ঘটলেও বেশিরভাগ জায়গায় অস্ত্রবিরতি পালিত হচ্ছে। সিরিয়ায় বৃহত্তম নগরী আলেপ্পোর প্রধান প্রধান রণক্ষেত্রগুলো শান্ত রয়েছে। বার্তা এএফপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
 
সিরিয়ায় গত পাঁচ বছর ধরে যুদ্ধ চলাকালে এবারই প্রথম বড় আকারের কোন অস্ত্রবিরতি চলছে। অবরুদ্ধ এলাকাগুলোতে পরে ত্রাণ সরবরাহ শুরু হবে। তবে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদা সংশ্লিষ্ট আল-নুসরা ফ্রন্ট অস্ত্রবিরতির আওতায় পড়বে না। তাদের ওপর হামলা অব্যাহত থাকবে।
 
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আড়াই লাখেরও বেশি লোক নিহত হয়েছে এবং লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে 'বৈরিতা হ্রাস' শুরু হয়েছে। এরপর থেকে যুদ্ধক্ষেত্রগুলো শান্ত রয়েছে।
 
তবে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার রাজধানী দামেস্কের বিভিন্ন আবাসিক এলাকায় বেশ কয়েকটি গোলা এসে পড়ে। কিন্তু কারা এগুলো ছুড়েছে তা খবরে জানানো হয়নি।অন্যান্য স্থানে বিদ্রোহী বিভিন্ন গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে সামান্য আকারে সংঘর্ষ হয়েছে। 
 
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি ফোনে আলাপ করেছেন। তারা অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছেন। মস্কো বলেছে, সামরিক সহযোগিতার মাধ্যমে অস্ত্রবিরতিকে কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।