মন্ত্রিসভায় রয়েছেন ওয়ান ইলেভেনের ‘কুশীলব’ : এরশাদ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৪৭
ওয়ান ইলেভেনের ‘কুশীলব’ হিসাবে নিজের দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, মাইনস-টু ফর্মুলায় শীর্ষ স্থানীয় জাতীয় পত্রিকার সম্পাদকের সঙ্গে ষড়যন্ত্রকারী হিসাবে বর্তমান সরকারের পানি সম্পদ মন্ত্রী জাতীয় পার্টির (জাপা) আনিসুল ইসলাম মাহমুদের নাম জড়িত থাকলেও তার নাম উহ্য রাখা হচ্ছে।
 
গতকাল রবিবার শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি আরো বলেন, জাতীয় পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের হাত থেকে দলকে রক্ষা ও শক্তিশালী করার লক্ষ্যে জি.এম. কাদেরকে কো-চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করা হয়েছে। মাত্র দশ মিনিটের ভাষণে তিনি উল্লেখ করেন, তার অবর্তমানে জি.এম. কাদেরই দলের নেতৃত্ব দেবেন।
 
সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের কো-চেয়ারম্যান জি.এম. কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ ইলিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঠান্ডু বক্তব্য রাখেন। সম্মেলনে আলহাজ ইলিয়াসউদ্দিনকে সভাপতি ও শফিকুল ইসলাম ঠান্ডুকে সাধারণ সম্পাদক পদে পুনঃ নির্বাচিত ঘোষণা করা হয়।
 
বিরোধীদল হয়েও দায়িত্ব পালন করছি না
 
জামালপুর প্রতিনিধি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, সংসদে আমরা বিরোধীদল, কিন্তু সেই দায়িত্ব কী আমরা পালন করতে পারছি? বিরোধীদলের মুখ থেকে আমরা সরকারের কোনো সমালোচনা শুনি না, বরং প্রশংসা শুনছি। এটা কোনো বিরোধীদল হতে পারে না। গতকাল জামালপুর পাবলিক হলে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।