ধ্বংসস্তূপে চাপা মানুষ বাঁচাবে মোবাইল অ্যাপ

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১০:১৬
স্মার্টফোনের বিভিন্ন অ্যাপের রয়েছে নানা উপকারিতা। পড়াশোনা থেকে শুরু করে ছবি সম্পাদনা, নিয়মিত কাজের নোটিফিকেশন থেকে রাস্তার জ্যামের অবস্থাও জানা যায় অ্যাপের মাধ্যমে। এমনকি, এমন অ্যাপও আছে যার মাধ্যমে জানা যায় ভূমিকম্পের আগাম খবর।
 
এখানেই শেষ নয়, এবার এমন এক অ্যাপ নির্মাণ করা হয়েছে, যা কোনো দুর্যোগে ধ্বংসস্তূপের নীচে কেউ চাপা পড়ে আছেন কিনা সেই খবর দেবে।
 
ভূমি বা ভুবন ধস অথবা ভূমিকম্পের মতো কোনো প্রাকৃতিক বিপর্যয় অথবা দুর্ঘটনা। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে থাকলে অনেক সময়েই উদ্ধারকারী দল তাদের খোঁজ পায় না। বিশেষত, কোনও দুর্যোগের পরে পার্বত্য বা দুর্গম এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। এই অবস্থায়ও যাতে দুর্যোগের শিকার মানুষের সন্ধান পাওয়া যায় সে জন্য তৈরি করা হয়েছে এই অ্যাপ।
 
প্রদীপ ভারদ্বাজ নামের এক ভারতীয় ও তার কোম্পানি সিক্স সিগমা হাই আলটিচুড মেডিকেল সার্ভিসেস ফর রেস্কু এই অ্যাপটি তৈরি করেছে। এই কোম্পানি ২০১৩ সালের উত্তরাখণ্ডের প্রাকৃতিক দুর্যোগ বা ২০১৫ সালের নেপালের ভূমিকম্পের সময়ে বহু মানুষকে উদ্ধার করেছে।
 
ফার্স্টপোস্ট এক খবরে জানিয়েছে, খতিয়ে দেখে যদি মনে হয় সব ঠিকঠাক তবে এই অ্যাপকে ছাড়পত্র দেবে ভারত সরকার।
 
নির্মাতা কোম্পানির দাবি, ইন্টারনেট কানেকশন এবং মোবাইল নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের সাহায্যে এই অ্যাপটি কাজ করবে।
 
যাদের মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করা থাকবে, কোনও ধ্বংসস্তূপে তারা চাপা পড়লে ব্যক্তির অ্যাপ ক্রমাগত সিগন্যাল পাঠাতে থাকবে। ৫০ কিমি ব্যাসার্ধের মধ্যে থেকে এই সিগন্যাল চিহ্নিত করতে পারবে উদ্ধারকারীরা।
 
নির্মাতা কোম্পানির পক্ষ থেকে ভারতীয় সেনা জওয়ান এবং সমতল থেকে অনেকটা উচ্চতায় বসবাসকারীদের মোবাইলে এই অ্যাপটি ডাউনলোড করে দেওযার জন্য দেশটির সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে।
 
কোম্পানির আরও দাবি, কয়েকদিন আগে ভারতের সিয়াচেনে তুষারঝড়ে চাপা পড়া সেনা জওয়ানদের মোবাইলে এই অ্যাপটি থাকলে তাদের উদ্ধার করা অনেক সহজ হত।