‌'ঢাকায় ৩২১টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক'

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০৫
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন সংসদকে জানিয়েছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকায় ৩২১টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে। এর তালিকা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে পাঠানো হয়েছে। গতকাল রবিবার সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
 
সংরক্ষিত আসনের সদস্য সেলিনা বেগম জানতে চান, ঢাকা শহরের পরিত্যক্ত বাড়ি এমপিদের মধ্যে বরাদ্দ দেয়া হবে কি না? জবাবে গণপূর্ত মন্ত্রী বলেন, ঢাকা শহরে পরিত্যক্ত বাড়ির সংখ্যা ৬ হাজার ৪০৬টি। এসব বাড়ি মুক্তিযুদ্ধে শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বরাদ্দ দেয়া হয়। অন্য কাউকে বরাদ্দ দেয়ার সুযোগ নেই। আনোয়ারুল আবেদীন খানের এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন ৫০৩ একর জমি বেদখল অবস্থায় আছে। আদালতে মামলা থাকায় এসব জমি উদ্ধারে অভিযান চালানো যাচ্ছে না।
 
দেশে হিজড়া ৯,৮৯২
 
জন : প্রমোদ মানকিন
 
মুহিবুর রহমানের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন সংসদকে জানান, দেশে হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা ৯ হাজার ৮৯২ জন। ৫০ বছরের বেশি বয়সী অক্ষম ও অসচ্ছল বয়স্ক হিজড়াদের মাসে ৫০০ টাকা করে ভাতা দেয়া হয়। এছাড়া হিজড়াদের জীবনমানের উন্নয়নে প্রাথমিক স্তরে ৩শ টাকা, মাধ্যমিক স্তরে ৪৫০, উচ্চ মাধ্যমিক স্তরে ৬শ এবং উচ্চস্তরে এক হাজার টাকা করে উপবৃত্তি দেয়া হয়।
 
বাড়তি টাকা ফেরত
 
দিতে হবে :শিক্ষামন্ত্রী
 
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বাড়তি টাকা ফেরত দিতে হবে বলে গতকাল সংসদে আবারও জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। স্বতন্ত্র এমপি হাজী সেলিমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বাড়তি টাকা ফেরত না দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।