ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলোর ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১১
জেনেভায় অস্ত্র ব্যবসা চুক্তি সংক্রান্ত বৈঠকের আগে ইয়েমেনে ইরান সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোটসহ লড়াইরত সব পক্ষের ওপর সোমবার অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
 
সংগঠনটি জানায়, গত বছর মার্চে ইয়েমেনে সংঘাত জোরদার হওয়ার পর থেকে উভয় পক্ষের সম্ভাব্য যুদ্ধাপরাধসহ মানবিক ও মানবাধিকার আইন লঙ্ঘনের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। অ্যামনেস্টির এক বিবৃতিতে ইয়েমেনে সংঘাতে লিপ্ত কোন পক্ষকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অস্ত্র, সামরিক সরঞ্জামাদি বা প্রযুক্তি সরবরাহ না করতে সকল দেশের প্রতি আহবান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত বছর এপ্রিলে কেবলমাত্র হুতি বিদ্রোহী ও তাদের মিত্র সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র প্রতি অনুগত বাহিনীর ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তাব ২২১৬ গ্রহণ করা হয়।
 
অ্যামনেস্টি জানায়, সৌদি আরবের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহবান জানিয়ে গত ২৫ ফেব্রুয়ারি ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব গৃহীত হয়। তবে জোটের অন্যান্য সদস্যদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহবান জানানো হয়নি। গত মার্চ থেকে এ পর্যন্ত দেশটিতে যুদ্ধে ৬ হাজার ১শ’র বেশি লোক নিহত হয়েছে। এছাড়া ৩ হাজারেরও বেশি লোক আহত এবং ২৫ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। এএফপি।