চাকরির শেষ দিনে জনপ্রশাসনের এক কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব আনোয়ার ফারুককে গত ১৬ ফেব্রুয়ারি একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়। আর তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয় সোমবার।
ওই আদেশের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় সোমবার বিকাল পৌনে পাঁচটায়। এ দিন ছিল ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আনোয়ার ফারুকের চাকরির শেষ কর্মদিবস।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ‘আনোয়ার ফারুককে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলো।’
রেওয়াজ অনুযায়ী, জনপ্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে প্রথমে ওএসডি করে পরে আলাদা আদেশে পদায়ন করা হয়। কিন্তু আনোয়ার ফারুক ১ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন বলে তাকে আর পদায়ন করা হয়নি।
জনপ্রশাসনে কর্মরত বেশিরভাগ সচিবই ১৯৮২ বিসিএস ব্যাচের। ১৯৮৪ বিসিএস ব্যাচের বেশ কয়েক কর্মকর্তাও সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
