বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বাংলাদেশও সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করবে। প্রথমে টেকনাফ সীমান্তে ২’শ কিলোমিটার সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করবে। তারপর পর্যায়েক্রমে সকল সীমান্তে বেড়া নির্মাণ করা হবে। তবে এতে সময় লাগবে।
সোমবার ঝিনাইদহের খালিশপুরে বিজিবির নবগঠিত ৫৮ ব্যাটালিয়ন প্রাঙ্গনে ‘সমৃদ্ধির পথে সীমান্ত প্রকল্প’র অধীন ঝিনাইদহ ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় বসবাসকারি অসচ্ছল পরিবারের মধ্যে জীবিকা অর্জনের বিভিন্ন উপকরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সমৃদ্ধির পথে সীমান্ত প্রকল্পের মাধ্যমে সীমান্তে বসবাসকারি অস্বচ্ছল পরিবারগুলোকে চোরাচালান ও সীমান্ত অপরাধ থেকে সরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিজিবি। যারা সীমান্তে চোরাচালান, মানুষ পাচার, মাদক চোরাচালানসহ নানা অপরাধে জড়িত, তাদের টার্গেট করে সমৃদ্ধির পথে সীমান্ত প্রকল্প কাজ করবে।
এ সময় ঝিনাইদহ ও মেহেরপুর জেলার সীমান্তে বসবাসকারী অস্বচ্ছল পরিবারে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির জন্য ১টি নসিমন, ৭টি অটোভ্যান, ১১টি সেলাই মেশিন, ২টি সেচযন্ত্র ও ২টি ইঞ্জিন চালিত নৌকাসহ ২৯টি উপকরণ বিতরণ করেন বিজিবি প্রধান। দেশের সব সীমান্ত এলাকায় এ ধরনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
বিজিবির মহাপরিচালক বলেন, ১১টি নতুন ব্যাটালিয়ন গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে ৯টি নতুন ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। বাকি দুটি ব্যাটালিয়ন গঠনের কাজ চলছে। দেশের ৫৩৯ কিলোমিটার সীমান্ত অরক্ষিত ছিল। তা কমে ১৯২ কিলোমিটার হয়েছে। অচিরে তা শুন্য হবে। বিজিবি সীমান্ত ব্যাংক নামে একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠা করতে চলেছে। সীমান্ত এলাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এমন সব প্রকল্পে এ ব্যাংক অর্থিক সহায়তা দিবে।
অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সৈনিক, স্থানীয় জন প্রতিনিধি ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
