ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছাড়া বিকল্প দুটি স্থানে মনোনয়নপত্র জমা নেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়কে বিকল্প স্থান হিসেবে ভাবা হচ্ছে।
বিএনপি অনেক প্রার্থীকে মনোনয়নপত্র জমায় বাধা দেয়া হচ্ছে- এমন অভিযোগের মধ্যে এই সিদ্ধান্ত আসছে। বর্তমানে ইউপি ভোটের জন্য উপজেলায় অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেয়া হয়।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সোমবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই না নির্বাচন নিয়ে কোনো ধরনের অভিযোগ আসুক। কিছু কিছু জায়গা থেকে অভিযোগ এসেছে- মনোনয়নপত্র জমা দিতে পারেনি। এ লক্ষ্যে আমরা একাধিক স্থানে মনোনয়নপত্র জমা দেয়ার ব্যবস্থা নিয়ে এক ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছি। প্রথম ও দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র জমার প্রক্রিয়া শেষ হলে তৃতীয় ধাপ থেকেই সিদ্ধান্তটি বাস্তবায়নের প্রক্রিয়া নেওয়া হতে পারে। আর বিকল্প স্থান হিসেবে আপাতত জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়কে ভাবা হচ্ছে।’
প্রথম ধাপে অন্তত ৭০ ইউপিতে বিএনপির প্রার্থী ছিল না। এ ধাপে শতাধিক ইউপিতে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমায় বাধা, প্রার্থিতা প্রত্যাহারের হুমকির অভিযোগ তুলেছে দলটি।
বিএনপির অভিযোগ ‘সুনির্দিষ্ট’নয় দাবি করে মো. শাহনেওয়াজ বলেন, ‘তাদের অভিযোগ ঢালাও। ঢালাও অভিযোগ তদন্ত করা কষ্টকর। এরপরও আমরা কয়েকটি অভিযোগের তদন্ত করেছি।’
