সংসদে উত্থাপিত প্রশ্নের উত্তর যথাযথ প্রদানে মন্ত্রণালয়কে স্পিকারের নির্দেশ

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫০
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদে উত্থাপিত প্রশ্নের উত্তর যথাযথভাবে দেয়ার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ।
 
তিনি সোমবার সংসদে সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদের এ সম্পর্কিত একটি পয়েন্ট অব অর্ডারের জবাবে এ নির্দেশ দেন। গত ১৬ ফেব্রুয়ারি সংসদ সদস্য আবুল কালাম আজাদ পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে তার এক প্রশ্নের উত্তর না পাওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করে এ বিষয়ে স্পিকারের রুলিং দাবি করেন।
 
স্পিকার জানান, সংসদ সদস্যের প্রশ্নের উত্তর দেয়ার জন্য প্রথমে ২০১৫ সালের ১৯ নভেম্বর দিন ধার্য করা হয়, এরপর ২০১৬ সালের ২ ফেব্রুয়ারির জন্য নির্ধারণ করা হয়, ওই দিন আবার ১৬ ফেব্রুয়ারিতে স্থানান্তরিত হয়। কিন্তু ১৬ ফেব্রুয়ারি প্রশ্ন তালিকায় সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নটি স্থান পায়নি। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংসদ কার্য প্রণালী বিধি অনুযায়ি কোন ধরনের বক্তব্য বা পুনরায় স্থানান্তর সম্পর্কে কোন বক্তব্য দেয়া হয়নি।
 
এটি কার্যপ্রণালী বিধির ব্যত্যয় উল্লেখ করে স্পিকার বলেন, 'সংসদে উত্থাপিত প্রশ্নের উত্তর যথাযথভাবে দেয়ার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হলো।'