ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত-১০

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৫৬
ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের অতর্কিত হামলায় আহত হয়েছেন অন্তত ১০ ছাত্রদল নেতাকর্মী। এসময় এক ছাত্রদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে তারা। সোমবার দুপুরে রাজধানীর কাঁটাবন মোড়ে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার দুপুর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে শাহবাগ থেকে কাঁটাবন অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাঁটাবন মোড়ে পৌঁছলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।
 
হামলায় ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক তানজীল হাসন, কবি জসীমউদ্দিন হলের আহবায়ক নিজামউদ্দিন রিপন, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতা মাসুদুর রহমানসহ অন্তত সাতজন ছাত্রদল নেতাকর্মী আহত হন। এদের মধ্য থেকে তানজীল হাসানকে পুলিশের হাতে তুলে দেয় ছাত্রলীগ। পরে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করার সময় ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছে এবং একজনকে শাহবাগ থানার পুলিশ আটক করেছে।
 
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে কারা হামলা চালিয়েছে এ ব্যাপারে আমার কাছে এখনো কোনো তথ্য নেই। শাহবাগ থানা পুলিশের তদন্ত কর্মকর্তা জাফর আলী বিশ্বাস বলেন, ঘটনা স্থল থেকে এক ছাত্রদল কর্মীকে আহত অবস্থায় আটক করা হয়েছে। পরে চিকিত্সার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
 
এদিকে, বিকেলে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, শাহবাগের ওই মিছিলে ছাত্রলীগ এবং পুলিশের হামলায় ছাত্রদলের ৩০ জনের অধিক নেতা-কর্মী আহত হয়েছে। এছাড়া গ্রেফতার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক তানজীল হাসান।