২১ মার্চ আসছে নতুন আইফোন ‘আইফোন ৫এসই’। এ নিয়ে এক পাবলিক ইভেন্টের আয়োজন করতে পারে অ্যাপল। ওই অনুষ্ঠানেই ৪ ইঞ্চির আইফোন এসইর পাশাপাশি ৯ দশমিক ৭ ইঞ্চির আইপ্যাড প্রো ও নতুন মডেলের অ্যাপল ওয়াচ উন্মোচন হতে পারে।
এর আগে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম জানিয়েছিলো, ১৫ মার্চ নতুন আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচ উন্মোচন করা হতে পারে।
মাতামাতি শুরুর প্রথম দিকে গুঞ্জন উঠে, নতুন আইফোনের নাম হবে ‘আইফোন ৬সি’। তবে এখন বলা হচ্ছে, নতুন আইফোনের নাম হবে ‘আইফোন ৫এসই’। ‘এসই’ দিয়ে মূলত ‘স্পেশাল এডিশন’ বোঝানো হয়েছে।
ফাঁস হওয়া তথ্যমতে, নতুন আইফোন দেখতেও অনেকটা আইফোন ৫এস -এর মতোই হতে পারে। তবে পার্থক্য থাকবে কেবল বিভিন্ন হার্ডওয়্যার এবং ফিচারে। এর আগে বাজারে আসা আইফোন ৬ এবং ৬এস -এর সাথে সামঞ্জস্য রাখতে কাছাকাছি বিভিন্ন ফিচার থাকবে এই সংস্করণে। এর মধ্যে একটি হলো ডিসপ্লের পরিবর্তন। এই সংস্করণটিতে ব্যবহার করা হতে পারে কার্ভড গ্লাস।
৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১.২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও থাকতে পারে এতে। আইফোন ৬ এর মতো ৫এসই’তেও ব্যবহার করা হতে পারে এ৮ এবং এম৮ চিপ। এছাড়া অ্যাপল পে’র সুবিধা পেতে এনএফসি চিপও ব্যবহার করা হতে পারে এই সংস্করণে। অ্যাপল লাইভ ফটোজের সুবিধা থাকলে এই ফোনটিতে থাকবে না থ্রিডি টাচ।
এছাড়া ২১ মার্চ উন্মোচন হতে পারে আইপ্যাডের নতুন মডেল ও নতুন মডেলের অ্যাপল ওয়াচসহ বেশকিছু আনুষঙ্গিক পণ্য।
