ডি ক্যাপ্রিওর অস্কার জয়ে টুইটের রেকর্ড

আপডেট : ০১ মার্চ ২০১৬, ১১:৫৮
লিওনার্দো ডি ক্যপ্রিও যখন মঞ্চে উঠছিলেন তার সেই আরাধ্য অস্কারটি হাতে নেবার জন্য, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ততক্ষণে তোলপাড় শুরু হয়ে গেছে। স্মরণীয় এই মুহূর্তটিকে লিওর ভক্তরা ইতিহাসের পাতায় লিখে ফেলতে সক্ষম হয়েছেন। কেননা লিওর অস্কার জয়ের মুহূর্ত নিয়ে ইতিহাসে সবচেয়ে বেশি টুইট করা হয়েছে।
 
এন্টারটেইনমেন্ট উইকলির মতে, লিওনার্দো ডি ক্যাপ্রিও যখন অস্কার গ্রহণ করছেন, সে সময় প্রায় ৪ লাখ ৪০ হাজার টুইট আসছিল প্রতি মিনিটে! শুধু টুইটার নয়, ফেইসবুকেও সে সময়ে লিওর অস্কার জয়ের খবরটি পোস্ট করা হয় অসংখ্যবার। এর আগে সবচেয়ে বেশি টুইট হওয়া মুহূর্তের রেকর্ড ছিল ২০১৪ সালের অস্কার আসরে এলেন ডিজেনারেসের তারকাবহুল সেলফিটির দখলে। সেলফিটি রিপোস্ট এবং টুইট হয়েছিল প্রতি মিনিটে ২ লাখ ৫৫ কোটি বার করে। আর সবচেয়ে বেশি টুইট হওয়া মুহূর্তের তালিকায় এখন দ্বিতীয় স্থানে রয়েছে 'স্পটলাইট' এর অস্কার জয়ের মুহূর্ত। আর এবারের আসরে সর্বাধিক অস্কারজয়ী সিনেমা 'ম্যাড ম্যাক্স: ফিউরি রোড' নিয়ে করা টুইটগুলো আছে তৃতীয় স্থানে।