ছাত্রী দীপা হত্যা: আসামি আল-আমিনের ফাঁসির আদেশ

আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৪:৪২
 
নরসিংদীর বেলাবোতে সৈয়দা রিমভী আক্তার দীপাকে (২২) হত্যা মামলার আসামি মো. আল-আমিনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব এই আদেশ দেন।
 
দীপা নরসিংদীর বেলাব উপজেলার বাজনাব সৈয়দপাড়া গ্রামের মো: সামসুজ্জামানের মেয়ে ও করটিয়া কলেজের বিবিএ ১ম বর্ষের ছাত্রী।
 
আল-আমিন প্রায়ই দীপার যাতায়াতের পথে প্রেম নিবেদন করতো। কিন্তু দীপা এতে সাড়া দেয়নি। ২০১৫ সালের ৭ মে বিকালে দীপা বাড়ির পার্শ্বের রাস্তায় পায়চারী ও মোবাইল ফোনে কথা বলে বাড়িতে প্রবেশ করার সময় আল-আমিন ধারালো দা দিয়ে দীপাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে বেলাব হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় দীপা মারা যায়।
 
এ ব্যপারে দীপার ভাই আতিকুজ্জামান অংকুর বাদী হয়ে আসামি আল-আমিনের নামে বেলাব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি আল-আমিনকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত।