সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন রোনালদো

আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৩:৪৬
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়ালের ১-০ গোলের পরাজয়ের পরে ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন যে সতীর্থরা তার পর্যায়ে থাকলে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতেন তারা। এই নিয়ে সমালোচনার মধ্যে দিয়ে জানা গেছে সোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলনের সময়ে ক্ষমা চেয়েছেন রোনালদো। 
 
ওই মন্তব্যের পর রোনালদো দাবি করেছিলেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি আসলে সতীর্থদের খেলার মান নিয়ে কিছু বলেননি। বরং অতৃপ্তিটা ছিল ফিটনেস নিয়ে। সতীর্থ সার্জিও রামোস পরে বলেছেন, রোনালদোর আসল কথাটা তাঁরা বুঝতে পেরেছেন। কিন্তু পুরো বরফটা যে গলেনি, সেটা কালই বোঝা গেল। এএস স্পোর্টস জানিয়েছে, সেই রামোসকেও নাকি ফোন করে বিষয়টা ব্যাখ্যা করেছেন রোনালদো।
 
স্প্যানিশ দৈনিক এল মুন্দোর দাবি, রোনালদো সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন। মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে ‘স্যরি’ বলেছেন প্রত্যেককে। গোল ডট কম দাবি করেছে, রোনালদো সামনাসামনিও সেটা করেছেন। মাদ্রিদ ডার্বিতে হারের পর গত পরশু দলের সবাইকে একদিনের জন্য বিশ্রাম দিয়েছিলেন জিদান। কালই আবার অনুশীলনে এসেছিলেন সবাই। এএস স্পোর্টস জানিয়েছে, রোনালদো ব্যথাতুর মন নিয়ে স্কোয়াডের সবার কাছে এই বার্তাটা পৌছে দেয়ার চেষ্টা করেছে যে তিনি তার মন্তব্যের জন্য দুঃখিত।
 
IMG0
 
উল্লেখ্য, অ্যাটলেটিকোর বিপক্ষে ওই পরাজয়ের পরে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট কমে তিনে অবস্থান করছে। বরখাস্ত ডেনিস চেরিশেভকে খেলানোয় কোপা দেল রে থেকে আগেই বরখাস্ত হয়েছে। রিয়ালের একমাত্র শিরোপা জয়ের আশা টিকে আছে চ্যাম্পিয়ন্স লিগে। এই শিরোপা জিততে ব্যর্থ হলে টানা দ্বিতীয় মৌসুম রিয়ালকে শিরোপা শূন্য কাটাতে হবে। এএস স্পোর্টস ও গোল.কম।