হবিগঞ্জে শিশু মেহেদী হাসান (৮) হত্যার ঘটনায় এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালত এই আদেশ দেয়।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হচ্ছে বানিয়াচং উপজেলার ত্রিকর মহল্লার মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৩০)। একই মামলায় সিরাজ মিয়া ও সালেহ আহমদকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৮ অক্টোবর প্রবাসী আব্দুল হামিদের ছেলে মেহেদীকে ছবি তোলার প্রলোভন দেখিয়ে তার মায়ের মোবাইল ফোনসহ ডেকে নেয় আব্দুর রশিদ। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এ বিষয়ে ঐদিনই বানিয়াচং থানায় একটি জিডি করেন স্বপ্না বেগম। পরে পুলিশ আব্দুর রশিদকে আটক করে তার দেয়া তথ্যমতে চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের একটি জঙ্গলের কাদা পানিতে পুতে রাখা মেহেদী হাসানের লাশ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় স্বপ্না বেগম বাদী হয়ে পরদিন থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উল্লিখিত রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল আহাদ ফারুক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সালেহ উদ্দিন।
