হবিগঞ্জের বাহুবলে যুবসংহতি নেতা রফিকুল ইসলামের লাশ উদ্ধারের ঘটনায় আটক দুইজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
সূত্র জানায়, উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মিরপুর ইউনিয়ন জাতীয় যুবসংহতির সভাপতি রফিকুল ইসলাম শনিবার রাতে খাবার খেয়ে ঘরে ঘুমাতে যান। রাত ২টার দিকে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। রবিবার সকালে বাড়ির পাশ থেকে রক্তমাখা গেঞ্জি, রক্তমাখা কুড়াল ও পাশের একটি পুকুর থেকে তার লুঙ্গি উদ্ধার করে পুলিশ। এর পর বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন আখাউড়া-সিলেট রেলওয়ের বার আউলিয়া এলাকায় রফিকুলের খণ্ড খণ্ড মরদেহ দেখতে পায়। তারা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় তার প্রতিবেশি জাহির মোল্লা (৪৫) ও তার বড় ভাই আবুল কালমকে (৪৮) আটক করে পুলিশ।
রফিকুলের ছোট ভাই ছাদিকুর রহমান রবিবার রাতে বাহুবল থানায় ৩ জনের নাম উল্লেখসহ ৮ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
