জেএমবি নেতা গালীবের বিস্ফোরক মামলার স্বাক্ষ্যগ্রহণ ২৫ এপ্রিল

আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৭:০৩
রাঙ্গামাটিতে ২০০১ সালে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি শীর্ষ নেতা শামীম হোসেন গালীবকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আগামী ২৫ এপ্রিল স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
 
মঙ্গলবার সকালে কড়া পুলিশ প্রহড়ায় জেএমবির এই শীর্ষ নেতাকে রাঙ্গামাটির সহকারী জেলা ও দায়রা জজ আজিজুল হকের আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত এই দিন ধার্য্য করেন।
 
মামলায় আসামি পক্ষের আইনজীবী মো. নুরুল হক জানান, ২০০১ সালে রাঙ্গামাটির কোতয়ালী থানায় বিস্ফোরক আইনে মামলা দায়েরের পর দীর্ঘ ১৫ বছর রাষ্ট্রপক্ষ কোন স্বাক্ষী আনতে পারেনি। তাই  আসামি দীর্ঘদিন কারাগারে আটক রয়েছে। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে স্বাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য্য করেন  আদালত।
 
উল্লেখ্য ২০০১ সালের ১৩ সেপ্টেম্বর রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হোটেল ড্রিমল্যান্ডে জেএমবির শীর্ষ নেতা শামীম হোসেন গালীব অবস্থান করে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে জেএমবি শীর্ষ নেতা শামীম হোসেন গালীবসহ নছরুলা ওরফে আরিফ বিল্লাসহ কয়েকজন আহত হন। সে সময় আহত দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম ও  বিস্ফোরণের বিভিন্ন আলামত সংগ্রহ করে এই মামলা দায়ের করে।